শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসিকে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, থানায় জিডি; অভিযুক্ত দুজন বিদেশে আছেন বলে জানালেন ওসি

নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতার ফোনালাপ এবং নিষিদ্ধ যুবলীগের এক ইউনিয়ন নেতার ফেসবুক লাইভের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসি দুটি সাধারণ ডায়েরি করেছেন।

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে এবং ফেসবুক লাইভে এসে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতা এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক ইউনিয়ন নেতার বিরুদ্ধে। দুটি ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার এ ঘটনা ঘটে এবং রাতেই রামগঞ্জ থানায় জিডি করা হয়। অভিযুক্ত দুজন হলেন রামগঞ্জের করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খান। ফেসবুক লাইভের ভিডিও ও মুঠোফোনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

অডিওতে আফরান খানকে বলতে শোনা যায়, ‘বিএনপির কথা শুনে আমাদের আওয়ামী লীগের আর একজন নেতা-কর্মীকেও যদি আটক বা হয়রানি করা হয়, তবে আপনাদের পরিণতি খারাপ হয়ে যাবে। এবার থানা জ্বালিয়ে দেওয়া হবে।’ ফেসবুক লাইভে আবু জাফর অভিযোগ করেন, তাঁদের দলের নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। ওসিকে উদ্দেশ করে তিনি আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে ‘জয় বাংলার প্রতিধ্বনি’ হওয়ার কথা বলেন এবং ‘পারলে ঠেকান’ বলে হুমকি দেন।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, হুমকিদাতা দুজন দেশের বাইরে রয়েছেন; নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতা সৌদি আরবে এবং অন্যজন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।