মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বাঘা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, কিশোর গ্যাং ও ইমো প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহীর বাঘায় মাসিক সভায় বাল্যবিয়ে, অবৈধ পুকুর খনন, জলাবদ্ধতা ও ভেজাল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

রাজশাহীর বাঘা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় মাদক, চোরাচালান, ইমো প্রতারণা, বাল্যবিয়ে, অবৈধ পুকুর খনন, জলাবদ্ধতা, যানজট, চুরি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতাসহ জনস্বার্থ বিঘ্নিত হওয়ার নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদার। আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, অধ্যক্ষ আব্দুর রব এবং বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।

বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও ইমো প্রতারণা প্রতিরোধে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাল্যবিয়ে, অবৈধ পুকুর খনন, জলাবদ্ধতা নিরসন এবং ভেজাল পণ্যের ক্রয়-বিক্রয় বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার ওপর তাঁরা গুরুত্ব দেন।

সভাপতির বক্তব্যে ইউএনও তকী ফয়সাল তালুকদার বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে তিনি জানান।

সভায় কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।