বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে: মজুরি বোর্ডের প্রথম সভা, নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী

নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা জানিয়েছেন, ডিসেম্বরে নতুন মজুরি চূড়ান্ত হবে; দ্বিতীয় সভায় তিন পক্ষ আলাদাভাবে প্রস্তাব জমা দেবে।

পোশাকশ্রমিকদের নতুন মজুরি চূড়ান্ত হবে ডিসেম্বরে। নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার এ কথা জানিয়েছেন। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভাটি হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সভা শেষে সাংবাদিকদের সৈয়দ আজাদ সুবহানী বলেন, মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক ও মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব আলাদাভাবে জমা দেবে। একই সঙ্গে নিরপেক্ষ সদস্যও একটি মজুরি প্রস্তাব দেবেন। এরপর সেই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হবে।

গত রোববার শ্রম মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যথাক্রমে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে। ওই দিনই আরেকটি প্রজ্ঞাপনে তৈরি পোশাকশিল্পের মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি করা হয় বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিনকে এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে।

মঙ্গলবার পর্যন্ত বোর্ডের চেয়ারম্যান ছিলেন শেখ আশফাকুর রহমান। বুধবার সকালে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়। বদলির কারণ প্রজ্ঞাপনে উল্লেখ নেই। তবে একাধিক সূত্র জানিয়েছে, পোশাকশিল্পের মতো স্পর্শকাতর খাতের মজুরি নির্ধারণে সদ্য বিদায়ী চেয়ারম্যানের ওপর ভরসা করা যাচ্ছিল না বলে গত দুই-তিন দিনে বদলির প্রক্রিয়া চলে।

পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। পরে তিনি কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার-গঠিত মজুরি বোর্ডের সভা দ্রুত বসবে। সভা থেকে মজুরি পুনর্নির্ধারণের একটি সময়সীমা ঘোষিত হলে সাধারণ শ্রমিকেরা আশ্বস্ত হবেন বলে তিনি মনে করেন।