বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের পর পুলিশের গোয়েন্দা তথ্য: নাশকতার লক্ষ্য এখন থানা ও রাষ্ট্রীয় স্থাপনা

পুলিশ সূত্র বলছে, সড়ক ও নৌপথ বিচ্ছিন্ন করার পরিকল্পনাও রয়েছে; ৭ থেকে ১৭ নভেম্বর দেশে ৫৭টি পরিবহনে অগ্নিসংযোগ ও ৭০টি ককটেল বিস্ফোরণ ঘটেছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর পুলিশের গোয়েন্দা তথ্যে বলা হচ্ছে, নাশকতাকারীদের লক্ষ্য এখন থানা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সামনের দিনগুলোতে থানা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পাশাপাশি সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনাও রয়েছে। পুলিশ বলছে, গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। অভিযোগ উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। আগুনে পুলিশের আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। হামলায় সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন; তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে ঢাকার পল্লবী থানা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৫৭টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর পুলিশের দুটি স্থাপনায়ও ককটেল বিস্ফোরণ ঘটেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক খুদে বার্তায় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৭১ সদস্যকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামরুন মুনিরা বলেন, নিষিদ্ধ কোনো সংগঠনের কর্মসূচির নামে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা বিঘ্নিত করা, নাশকতা বা সহিংসতার চেষ্টা করলে পুলিশ প্রচলিত আইনে ব্যবস্থা নেবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সচেতন থাকবে বলে তিনি জানান।

পুলিশ সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের বৃহস্পতিবারের দেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে ঢাকাসহ বিভিন্ন স্থানে প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময়ে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।