শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ডিসেম্বরকে সামনে রেখে বরিশালে চেকপোস্ট, টহল ও সিসি ক্যামেরায় নজরদারি; নিষিদ্ধ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী গ্রেপ্তারের দাবি পুলিশের

মহানগর ও জেলা পুলিশ জানিয়েছে, নগরীর পাশাপাশি জেলার ১০ উপজেলায়ও নজরদারি বাড়ানো হয়েছে।

ডিসেম্বর মাসকে সামনে রেখে সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে বরিশালে নিরাপত্তা জোরদার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ও জেলা পুলিশ। মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় পুলিশি টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চলছে তল্লাশি, আর গুরুত্বপূর্ণ স্থাপনা আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়।

পুলিশ সূত্রের দাবি, সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটলেও বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন বড় কোনো কর্মসূচি করতে পারেনি। তবে গত সপ্তাহের শুরুতে নগরীতে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল হয়। বাবুগঞ্জের নতুনহাট, বানারীপাড়া ও উজিরপুরেও ঝটিকা মিছিল এবং যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন প্রচার চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন বলে পুলিশ মনে করছে। এ পরিস্থিতিতে বিএমপি নগরীর লঞ্চঘাট, কাকলির মোড়, জেলখানা মোড়, নথুল্লাবাদ বাস টার্মিনাল, গড়িয়ারপাড় ও রূপাতলীসহ গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক চেকপোস্ট বসিয়েছে। নগরীতে একাধিক মোবাইল টিম দায়িত্ব পালন করছে এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করছেন।

বিএমপির উপকমিশনার সুশান্ত সরকার বলেন, জ্বালাও-পোড়াও, সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় আইনগতভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নেই; কেউ আইন ভেঙে নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশও একই অবস্থানের কথা জানিয়েছে। বরিশালের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান বলেন, জেলার ১০টি উপজেলায় একাধিক টহল, মোবাইল টিম ও চেকপোস্ট রয়েছে এবং গ্রামপর্যায়েও নজরদারি বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের নামে কেউ রাজনৈতিক কর্মকাণ্ড বা অপতৎপরতার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।