টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার সারা দিন হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান বিভিন্ন অভিযোগের সত্যতা খুঁজে পান বলে জানা গেছে।
এ বিষয়ে ব্যবস্থা নিতে হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. হানিফকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অধিদপ্তরে পাঠানোর আগে প্রতিবেদন সাংবাদিকদের সামনে উপস্থাপনের নির্দেশনাও দিয়েছেন তিনি।
প্রমাণ পাওয়া অভিযোগগুলোর মধ্যে রয়েছে ১২ কোটি টাকা মূল্যের হার্টের ক্যাথল্যাব থাকা সত্ত্বেও পরীক্ষার জন্য রোগীদের অন্যত্র রেফার করা, এমআরআই ও সিটিস্ক্যানের মতো গুরুত্বপূর্ণ মেশিন থাকা সত্ত্বেও সেখানে পরীক্ষা না করা এবং প্যাথলজি বিভাগে রক্ত পরীক্ষার ২০ টাকার ফির বদলে ৯০০ টাকা আদায়। দুটি সুনির্দিষ্ট অভিযোগপত্রে দেখা যায়, এক রোগীর কাছ থেকে রক্ত পরীক্ষার জন্য ৯০০ টাকা এবং আরেকজনের কাছ থেকে ৩৫০ টাকা নেওয়া হলেও সরকারি কোষাগারে জমা হয়েছে মাত্র ২০ টাকা করে, মোট ৪০ টাকা।
জাহিদ রায়হান বলেন, মেডিসিন ও সরঞ্জামের স্টোর রুমসহ বিভিন্ন বিভাগে বছরের পর বছর অনিয়ম হচ্ছে এবং প্রতিটি অনিয়ম তাঁরা লিপিবদ্ধ করেছেন। স্টোর রুমে ডেন্টাল ও প্যাথলজি বিভাগসহ বিভিন্ন পরীক্ষার যন্ত্র ও যন্ত্রাংশ পড়ে থাকলেও এর সুনির্দিষ্ট কাগজ হাসপাতাল কর্তৃপক্ষ দেখাতে পারেনি; অনেক যন্ত্র এখনো আনবক্সিং করা হয়নি। সরকারি নিয়মবহির্ভূতভাবে একটি ওয়েবসাইটও করা হয়েছে, যা নিয়ম অনুযায়ী অপরাধ।
তিনি আরও জানান, হিসাবরক্ষক ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি হয়ে প্রায় ১০ মাস ছুটিতে থাকলেও ওই সময় বিভিন্ন বিল তুলে নিয়েছেন। এসব অনিয়মে হাসপাতালের পরিচালক সহযোগিতা করেছেন বলেও তিনি উল্লেখ করেন। এখন থেকে হাসপাতালে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালু রাখার নির্দেশও দেওয়া হয়েছে।