শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

যশোরের ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর, ২১ ভেন্ট স্লুইচ গেট পরিদর্শন

অভয়নগরে সুধী সমাবেশে পানিসম্পদমন্ত্রী বলেন, গঙ্গা-পদ্মা ব্যারেজ ও খাল খননসহ নানা পরিকল্পনা রয়েছে; কৃষিমন্ত্রী এক-দুই বছরে অধিকাংশ জমি আবার চাষের আওতায় আনার কথা জানান।

‘যশোরের দুঃখ’ হিসেবে পরিচিত ভবদহ এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন সরকারের চারজন মন্ত্রী-প্রতিমন্ত্রী। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যশোরের অভয়নগর উপজেলার ২১ ভেন্ট স্লুইচ গেট পরিদর্শন শেষে তাঁরা এ আশ্বাস দেন।

পরিদর্শনে ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসাদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিও বক্তব্য দেন। পরে স্থানীয় ভবদহ কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মন্ত্রীরা জলাবদ্ধতা নিরসনে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন এবং এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতার কথা জানান।

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জনগণের দীর্ঘ ১৭ বছরের অবহেলা ও দুর্ভোগের অবসান ঘটাতে একটি মেগা প্রকল্প নেওয়া হয়েছে। এতে গঙ্গা-পদ্মা ব্যারেজ ও অভ্যন্তরীণ খাল খননসহ স্থায়ী ও স্বল্পমেয়াদি নানা পরিকল্পনা আছে। সব পরিকল্পনার লক্ষ্য ভবদহ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষকে চিরস্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্ত করা।

কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার অধিকাংশ জমি যেন আবার চাষাবাদের আওতায় আনা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, এ অঞ্চলের মাটি উর্বর; বিশেষ করে রসুন উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। পরিকল্পিতভাবে উৎপাদন বাড়ানো গেলে দেশের রসুন আমদানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ভবদহের জলাবদ্ধতা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে এবং মন্ত্রিসভার একাধিক সদস্য এ সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছেন।