মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে হামলায় আহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের ঢাকায় মৃত্যু, ১২ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

১৪ অক্টোবর রাতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন; মামলাটি হত্যা মামলায় রূপান্তরের কথা জানিয়েছে পুলিশ।

নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (২৩) মারা গেছেন। গতকাল সোমবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হামলার ১২ দিন পার হলেও এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শাকিল ইসলাম গুরুদাসপুর উপজেলা সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারের একটি সড়কে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকায় নেওয়া হয়।

স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন, শাকিল নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনের বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের ছোট ছেলে সোহাগের ঘনিষ্ঠজন ছিলেন। হামলার কারণ সম্পর্কে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

এ ঘটনায় ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা করেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান সোমবার রাত ১০টার দিকে বলেন, আদালতের নির্দেশে এখন মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। তিনি জানান, ঘটনার পর থেকেই পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে এবং কয়েকজনকে শনাক্ত করার কাছাকাছি পর্যায়ে পৌঁছানো গেছে।