শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

ঈদগাঁওয়ে জব্দ করা বালুর কাছে গুলির শব্দ, ইউপি সদস্য আটক; সমর্থকদের মহাসড়ক অবরোধ

কক্সবাজারের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা বালু পাহারার গেটের কাছে কয়েক রাউন্ড গুলির অভিযোগ উঠেছে; পরে আটক ইউপি সদস্যের সমর্থকেরা সড়ক অবরোধ করেন।

কক্সবাজারের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা বালু সংরক্ষণের জন্য নির্মিত গেটের কাছে কয়েক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। ঘটনার দিন বিকেলে স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা মাহমুদুল হাসান মিনারকে পুলিশ আটক করলে তাঁর সমর্থকেরা রাতে মহাসড়ক অবরোধ করেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের কালিরছড়ার বন এলাকা কানছিরাঘোনায় পরপর কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দ শোনা যায়, এতে আশপাশে আতঙ্ক ছড়ায়। এর কিছুক্ষণ আগে ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে জব্দ করা বিপুল পরিমাণ বালু সংরক্ষণের জন্য রাস্তার ওপর গাছের গেট তৈরি করে চলে গিয়েছিলেন।

চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি গেটটি আবার তৈরি করেন। তাঁর ভাষ্য, গত ২৪ অক্টোবর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ বালু জব্দের পরদিন সংরক্ষণের জন্য আরেকটি গেট বানানো হয়েছিল। রাতের আঁধারে সেটি ভেঙে বালুখেকোরা জব্দ করা বালু লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার আবার গেট তৈরির পরই গুলির ঘটনা ঘটে বলে তিনি জানান।

স্থানীয়দের ধারণা, চিহ্নিত বালুখেকো চক্রের অবৈধভাবে তোলা বালু জব্দের পর তারা বেপরোয়া হয়ে উঠেছে এবং এর জেরেই গুলি ছোড়া হয়েছে। তাঁরা অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

একই দিন বিকেলে ঈদগাঁও থানা-পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও কালিরছড়া ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনারকে তেঁতুলতলী থেকে আটক করে। থানার ওসি এটিএম সিফাতুল মাজদা আটকের কথা নিশ্চিত করলেও কোন অভিযোগে বা কোন মামলায় তাঁকে আটক করা হয়েছে, তা জানাননি। আটকের প্রতিবাদে রাত ১০টার দিকে মিনারের সমর্থকেরা কালিরছড়ায় মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে বেশ কিছু দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে বলে ওসি নিশ্চিত করেন।