রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঢালুর মোড়ে হাইটেক পার্কের পাশে প্রধান সড়কের ধারে একটি পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। ঢালুর মোড় জামে মসজিদসংলগ্ন প্রায় ২০ কাঠা আয়তনের এই পুকুরে গত শুক্রবার রাত থেকে মাটি ফেলা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, রাতের বেলায় প্রকাশ্যে এত বড় জলাধার ভরাটের কাজ চললেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না কেন। পুকুরটি ভরাটের অনুমতি আছে কি না, থাকলে কোন কর্তৃপক্ষ তা দিয়েছে, আর অনুমতি না থাকলে কেন ব্যবস্থা নেওয়া হয়নি—এসব বিষয়ে তাঁরা স্পষ্ট জবাব চান।
স্থানীয়দের ভাষ্য, নগরীর জলাধার ও পরিবেশ সংরক্ষণের নানা উদ্যোগের কথা বলা হলেও জনবসতিপূর্ণ এলাকায় এভাবে পুকুর ভরাটের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তাঁরা বিষয়টি তদন্ত করে ভরাট বন্ধ করা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হবে।