মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত, জেদ্দা-দাম্মাম-মদিনা রুট চালু

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কারণে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত স্থগিত থাকবে। সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে। অর্থাৎ ১৬ ডিসেম্বরের পর ফ্লাইট চালু হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

অন্যদিকে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সূচি অনুযায়ী ফ্লাইট অব্যাহত থাকবে। এসব রুটে আগের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি।

রিয়াদগামী যাত্রীদের জন্য বিকল্প সুযোগের কথাও জানিয়েছে বিমান। বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।