রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ সদস্যকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। মঙ্গলবার ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলের গ্লস্টার শহরের কাছ থেকে ৪১ বছর বয়সী ওই সেনাসদস্যকে আটক করা হয়।
ব্রিটিশ পুলিশ জানিয়েছে, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনের ১ ও ৩ ধারায় অপরাধের সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ধারায় সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার বিষয় রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি রাষ্ট্রটি রাশিয়া। অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল বলেন, গ্রেপ্তারটি গুপ্তচরবৃত্তির অভিযোগের সঙ্গে সম্পর্কিত এবং বিষয়টি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য অত্যন্ত উদ্বেগের। সেনাবাহিনীর কাউন্টারইন্টেলিজেন্স কমান্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন বলেন, সংবেদনশীল তথ্যের দায়িত্বে থাকা একজনের বিরুদ্ধে এমন অভিযোগ মনে করিয়ে দেয় যে ভেতর থেকেই নিরাপত্তা হুমকি তৈরি হতে পারে।
পুলিশ জানিয়েছে, এ গ্রেপ্তার তাদের চলমান অন্য কোনো সন্ত্রাসবিরোধী তদন্তের সঙ্গে সম্পর্কিত নয়। তবে এর এক দিন আগে ইংল্যান্ডের পূর্বাঞ্চলের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে মার্কিন জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের হুমকির আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।
গত তিন মাসে এমন ঘটনা এটি দ্বিতীয়। সেপ্টেম্বরে নিরাপত্তার কারণে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র, যেগুলো ইরানে হামলায় ব্যবহৃত হয়েছিল। ব্রিটিশ পুলিশ সে ঘটনার সঙ্গে ইরানের যোগসূত্র পেয়েছিল, যদিও তেহরান যুক্তরাজ্যে কোনো হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।