ইরাক-কুয়েত যুদ্ধের কারণে দেশে ফিরে আসা ৭২ হাজার বাংলাদেশি প্রবাসীর ন্যায্য পাওনা আদায়, ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনসহ ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশি কল্যাণ সমিতি। সোমবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনের নেতারা এ দাবি তুলে ধরেন।
বক্তারা বলেন, ১৯৯০ সালে ইরাক-কুয়েত যুদ্ধের কারণে হাজার হাজার বাংলাদেশি কর্মী সর্বস্ব হারিয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এঁদের অনেকে এখনো ন্যায্য পাওনা, ক্ষতিপূরণ ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রত্যাগত কর্মীদের জন্য জাতিসংঘ ঘোষিত ক্ষতিপূরণের বকেয়া অর্থ আদায়ে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে বলেও তাঁরা মত দেন। পাশাপাশি পুনর্বাসন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তাঁরা।
দাবির মধ্যে আছে প্রত্যাগত প্রবাসীদের জন্য নির্ধারিত জমি বরাদ্দ ও পরিকল্পিত উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া, ইরাক ও কুয়েতের বিভিন্ন ব্যাংকে রেখে আসা অর্থ উদ্ধার, যুদ্ধকালীন বকেয়া বেতন পরিশোধ এবং ক্ষতিগ্রস্তদের সহজ শর্তে ঋণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা।
সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো ফল মেলেনি, তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাঁদের ভাষ্য, প্রত্যাগত প্রবাসীরা অতীতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, অথচ ন্যায্য অধিকারের জন্য তাঁদের বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। কর্মসূচিতে সংগঠনের সভাপতি কাজী নজরুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুল্লাহসহ নেতারা উপস্থিত ছিলেন। দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।