রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: ‘শর্টসার্কিটে নয়’, তদন্ত কমিটির সদস্যের দাবি; আজ প্রতিবেদন জমার কথা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের কমিটি কুষ্টিয়ার দৌলতপুরের পোড়া বাড়ি পরিদর্শন করেছে; কমিটির এক সদস্য বলছেন, সিসিটিভিতে দেখা স্ফুলিঙ্গ আগুনের সূত্রপাত ছিল না।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে আগুনের কারণ গুরুত্ব দিয়ে তদন্ত করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি। পেট্রোল বোমা বা শর্টসার্কিটের পাশাপাশি অন্য কোনো নাশকতা বা দুর্ঘটনা থেকে আগুন লেগেছে কি না, কমিটি তা পর্যালোচনা করে দেখছে। কমিটির এক সদস্য এ তথ্য জানিয়েছেন।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে শনিবার ওই সদস্য বলেন, ঘটনার রাতে ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে সিসিটিভি ফুটেজে যে আগুনের স্ফুলিঙ্গ দেখা গেছে, প্রথমে সেটিকেই আগুনের শুরু মনে করা হয়েছিল। কিন্তু ওই স্ফুলিঙ্গের অনেক আগে থেকেই অল্প অল্প করে আগুন জ্বলছিল, যার ভিডিও ফুটেজ আছে। তাঁর ভাষ্য, ‘তৃতীয়বার যখন দপ করে আগুন জ্বলে ওঠে, তখন বিদ্যুতের বাতি নেভে; কিন্তু তারও আগে থেকে আগুন লেগেছে। শর্টসার্কিটের কারণে আগুন লাগেনি।’

কমিটি মনে করছে, বাড়ির একটি কক্ষে খড় রাখা ছিল। কেউ হয়তো সেই খড়ে আগুন দিয়েছিল, অথবা দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে; বিষয়টি আরও পর্যালোচনা করা হচ্ছে।

গত বুধবার গভীর রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। ঘটনার তদন্তে গত বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব উল ইসলামকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির সদস্যরা শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বাড়িতে থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে তাঁরা আবার সেখানে যান; এবার সঙ্গে ছিলেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল)। স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁরা বিদ্যুতের মিটার ও তারসহ পোড়া কক্ষগুলো ঘুরে দেখেন। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, মিটারসহ অন্য বিষয়গুলো আবার দেখা হচ্ছে।

এ ঘটনায় আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেছেন নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলার নেতাদের নাম রয়েছে। শনিবার পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কমিটির প্রধান বলেন, তদন্ত শেষ পর্যায়ে; রোববার চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে।