মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য দেওয়া ২৫টি রিক্রুটিং লাইসেন্সকে ‘সিন্ডিকেট’ বলা চলে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) নির্বাচনের এক প্রার্থী। মঙ্গলবার রাতে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ‘বায়রা সদস্যদের চলমান সংকট ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভার প্রধান বক্তা আতিকুর রহমান বিশ্বাস আসন্ন বায়রা নির্বাচনে ‘সম্মিলিত গণতান্ত্রিক জোট’-এর মহাসচিব পদের প্রার্থী। তিনি বলেন, সরকার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর এই ২৫টি (বিআরএ) রিক্রুটিং লাইসেন্স আসলে প্রসেসিং সেন্টার। তাই যাঁরা এগুলোকে সিন্ডিকেট বলছেন, তিনি ওই শব্দ দ্ব্যর্থহীনভাবে গ্রহণ করতে রাজি নন।
সভায় সভাপতিত্ব করেন বায়রা নির্বাচনে সভাপতি পদের প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। আরও বক্তব্য দেন আটাবের সাবেক মহাসচিব ও কুমিল্লা রিক্রুটিং এজেন্সি অ্যাসোসিয়েশনের সভাপতি আসলাম খান, বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মো. আবুল বাশার ও টিপু সুলতানসহ অন্যরা।
সভায় উপস্থিত পাঁচ শতাধিক বায়রা সদস্যের কয়েকজন বক্তব্য রাখেন। তাঁরা অভিযোগ করেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে তাঁরা প্রতিনিয়ত হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। এর প্রতিবাদে কোনো কোনো বক্তা জনশক্তি ব্যুরোর কার্যালয় ঘেরাওয়ের হুমকি দেন। উপস্থিত সাধারণ সদস্যরা এসব বক্তব্যকে করতালি দিয়ে সমর্থন জানান।