বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুনের মামলায় বাদী হতে রাজি না হওয়ায় ট্রাফিক সার্জেন্ট সাময়িক বরখাস্ত

নগর পুলিশ বলছে, ঊর্ধ্বতনদের নির্দেশ অমান্য ও দায়িত্বে অবহেলার অভিযোগে সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচির’ সময় চট্টগ্রাম নগরের একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী হতে রাজি না হওয়ায় এক ট্রাফিক সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়; বিষয়টি জানাজানি হয় বুধবার।

সাময়িক বরখাস্ত হওয়া সার্জেন্টের নাম মুজাহিদুল ইসলাম। তিনি ২০১৭ সালে সার্জেন্ট পদে পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি গোপালগঞ্জে।

পুলিশ সূত্র জানায়, ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচির’ সময় নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকার ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই পুলিশ বক্সের দায়িত্বে ছিলেন সার্জেন্ট মুজাহিদুল ইসলাম।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় মামলা করার জন্য দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্টকে ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি মামলার বাদী হতে রাজি হননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য ও দায়িত্বে অবহেলার কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আমিনুর রশিদ আরও জানান, পরে ট্রাফিক বিভাগের অন্য একজন পুলিশ সদস্য বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। সার্জেন্ট মুজাহিদুল ইসলামের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।