শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বিপিসির অধীন ৮ কোম্পানি কমিয়ে ৫টি করার উদ্যোগ, একীভূত হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল

জ্বালানি খাতে স্বচ্ছতা আনা ও ব্যয় কমানোর সংস্কারের অংশ হিসেবে পেট্রোলিয়াম করপোরেশনের অধীন প্রতিষ্ঠান একীভূত করার প্রস্তাব এগোচ্ছে।

জ্বালানি খাতে স্বচ্ছতা আনা, অপচয় রোধ এবং ব্যয়ের লাগাম টানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন আটটি কোম্পানিকে কমিয়ে পাঁচটি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় শুরু হওয়া জ্বালানি খাত সংস্কারের এই উদ্যোগ বর্তমান সরকার এগিয়ে নিচ্ছে বলে জানা গেছে।

প্রস্তাব অনুযায়ী মেঘনা পেট্রোলিয়াম পিএলসি ও যমুনা অয়েল পিএলসিকে একীভূত করে একটি কোম্পানি করা হবে। ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের অধীনে নেওয়া হবে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডকে। তবে পদ্মা অয়েল কোম্পানি পিএলসি, এলপি গ্যাস লিমিটেড ও পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি আগের মতোই থাকছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ায় একীভূতকরণের প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছে।

দেশে জ্বালানি তেল আমদানি, পরিশোধন, সংরক্ষণ, বিক্রয়, বিপণন ও বিতরণের পুরো দায়িত্ব বিপিসির। বর্তমানে এর অধীনে কাজ করছে আটটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি। ইস্টার্ন রিফাইনারি দেশের একমাত্র তেল পরিশোধনাগার। পদ্মা, যমুনা ও মেঘনা পেট্রোলিয়াম প্রায় একই ধরনের কাজ করে এবং সারা দেশে ডিপো ও বিক্রয়কেন্দ্রের মাধ্যমে জ্বালানি তেল বিপণন করে। লুব্রিকেটিং অয়েল ও গ্রিজ উৎপাদন ও বাজারজাত করে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল, আর বোতলজাত তরলীকৃত গ্যাস সরবরাহ করে এলপি গ্যাস লিমিটেড।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রতিটি কোম্পানির আলাদা জনবল কাঠামো আছে এবং একই ধরনের কাজ হলেও হিসাব রাখা হয় পৃথকভাবে। প্রশাসন, হিসাব ও নিরাপত্তাসহ বেশ কিছু কাজ আলাদাভাবে করতে গিয়ে বাড়তি জনবল লাগছে, বাড়ছে ব্যয়ের বোঝা। এ কারণে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ বিপিসিকে চিঠি দিয়ে অধীন কোম্পানিগুলোর জনবল কাঠামো কার্যভার অনুযায়ী পুনর্বিন্যাস করতে বলেছে। নতুন কোনো পদ সৃষ্টি না করা এবং বিদ্যমান পদ বিলুপ্তির ক্ষেত্রেও কড়াকড়ি আরোপের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিপিসি ও তার অধীন কোম্পানিগুলোর জনবল, কর্মপরিধি ও সাংগঠনিক কাঠামো যৌক্তিক করতে গত বছরের ১১ ফেব্রুয়ারি সরকার উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছিল। দীর্ঘ পর্যালোচনার পর একই বছরের ৮ ডিসেম্বর কমিটি সংস্কারসংক্রান্ত প্রতিবেদন জমা দেয়। এরপর সুপারিশ বাস্তবায়নে কিছু উদ্যোগ দেখা গেছে। এর মধ্যে আছে অধীন কোম্পানিগুলোর নিয়োগ নীতিমালা ও বিধিবিধান যাচাইয়ের জন্য নতুন কমিটি গঠন।