শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে মাদক মামলায় গোদাগাড়ীর নারী ও পুরুষের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত পৃথক দুটি মাদক মামলায় রাজশাহীর গোদাগাড়ীর দুই বাসিন্দাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় এক নারীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত দুজনেরই বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গোদাগাড়ী থানার ডুমুরিয়া গ্রামের মৃত আমাদুলের মেয়ে আইভি খাতুন এবং একই উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মামুনুর রশিদ। রায়ে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড। অপর মামলায় জরিমানা ১০ হাজার টাকা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২২ সালের ৯ জুন রাতে র‍্যাব-১২-এর সদস্যরা সিরাজগঞ্জ রোডে একটি যাত্রীবাহী পরিবহনের যাত্রী মামুনুর রশিদের কাছ থেকে ৪০৫ গ্রাম হেরোইনসহ তাঁকে আটক করেন। আইভি খাতুনের মামলার অভিযোগের বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।