মাছ, হাঁস ও মুরগির দ্রুত বৃদ্ধি এবং রোগ ঠেকানোর নামে খামারে নির্বিচারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই খাবারের সঙ্গে কিংবা সরাসরি পানিতে এসব ওষুধ মেশানো হচ্ছে। অনেক ক্ষেত্রেই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ফিড ব্যবসায়ীদের কথায় এই প্রয়োগ চলছে। এতে প্রাণী ও মাছের শরীরে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) তৈরি হচ্ছে, আর খাদ্য ও পরিবেশের মাধ্যমে প্রতিরোধী জীবাণু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, অ্যান্টিবায়োটিক দেওয়ার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওই প্রাণী বা মাছের মাংস, ডিম বা দুধ বাজারজাত করা উচিত নয়। ওষুধের ধরন অনুযায়ী এই সময়কে বলা হয় ‘উইথড্রয়াল পিরিয়ড’। এ সময়ে ওষুধের অবশিষ্টাংশ শরীর থেকে বেরিয়ে গিয়ে নিরাপদ মাত্রায় নেমে আসে। কিন্তু অনেক খামারি এ নিয়ম মানছেন না; ওষুধ প্রয়োগের পরপরই মাছ ও মুরগি বাজারে বিক্রি হচ্ছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) বিশেষজ্ঞদের মতে, পোলট্রি খাতে পেনিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, টেট্রাসাইক্লিন, নিওমাইসিন ও বিভিন্ন সালফোনামাইড ব্যবহার হচ্ছে। এর কয়েকটি মানুষের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কলিস্টিন অন্য অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে গেলে গুরুতর সংক্রমণে শেষ ভরসা হিসেবে ব্যবহৃত হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ ও ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহার শাস্তিযোগ্য হলেও মৎস্য খাতে এ-সংক্রান্ত কোনো নীতিমালা নেই বলে জানা গেছে।
নওগাঁর বদলগাছী উপজেলার মাছচাষি হারুন মিয়া ছয় বছর ধরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন। মাছের রোগ দেখা দিলে তিনি স্থানীয় ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে নিজেই পুকুরের পানিতে দেন। তাঁর ভাষ্য, এ ক্ষেত্রে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয় না। একই এলাকার আরও কয়েকজন চাষিও একইভাবে ওষুধ ব্যবহার করেন বলে তিনি জানান। এ বিষয়ে তাঁদের তেমন ধারণা নেই এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পরামর্শেই তাঁরা ওষুধ দেন।
সিরাজগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোর জুড়ে বিস্তৃত চলনবিল এলাকায় ধান কাটার পর হাঁস নিয়ে খামারিরা এক এলাকা থেকে আরেক এলাকায় ঘুরে বেড়ান। নওগাঁর সাপাহার উপজেলার হাঁস খামারি আহসান হাবিব ১২ নভেম্বর এক হাজার হাঁস নিয়ে নাটোরে যান। তিনি জানান, শীত শুরুর আগে ঠান্ডা, সর্দি ও কাশির জন্য খাবারের সঙ্গে এনরোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন ও সিপ্রোফ্লক্সাসিন দেওয়া হয়। প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে কি না জানতে চাইলে তিনি বলেন, এলাকায় এলাকায় ঘুরে বেড়ানোয় তাঁরা পূর্ব অভিজ্ঞতা থেকেই ওষুধ দেন।
২০২২ সালে একটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত দেশের বাণিজ্যিক মুরগির খামারবিষয়ক এক গবেষণায় দেখা যায়, প্রায় ৯৮ শতাংশ খামারে উৎপাদনচক্রে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার করা হয়েছে এবং প্রায় ৮৫ শতাংশ খামারি রোগ প্রতিরোধের উদ্দেশ্যে এসব ওষুধ দিয়েছেন। ব্রয়লার খামারে ব্যবহারের হার গড়ে ৭৮ শতাংশ, সোনালি মুরগির খামারে ৬৭ শতাংশ ও লেয়ার খামারে ৪১ শতাংশ। ২০২৬ সালে প্রকাশিত আরেক গবেষণায় দেখা গেছে, ব্রয়লার ও লেয়ার খামারে ব্যবহৃত অ্যান্টিমাইক্রোবিয়ালের বড় অংশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসাগতভাবে গুরুত্বপূর্ণ ওষুধের শ্রেণিভুক্ত; লেয়ার খামারে এই হার ৮৪ থেকে ৯৪ শতাংশ। তবে গবেষণাটি সীমিতসংখ্যক খামারের ওপর হওয়ায় ফলাফলকে সীমিত পরিসরের চিত্র হিসেবে দেখা হচ্ছে।