সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারত থেকে আসা বাঘের হামলায় তিনজন আহত, খেতে তল্লাশি

রোববার বিকেলে আমঝোল এলাকায় বাঘের হামলায় আহত তিনজনের মধ্যে দুজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি; বিজিবি বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে।

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) বিকেল চারটার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলেছে, ভারতের ভেতর থেকে একটি বাঘ বাংলাদেশের সীমান্তে ঢুকে এই হামলা চালিয়েছে।

আহত তিনজন হলেন আবদুল ওহাবের স্ত্রী শরীফা বেগম (২২), আফসার হোসেন (৪০) ও নজরুল ইসলাম (৩৫)। তাঁদের বাড়ি আমঝোল এলাকায়। তিনজনই প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক জানান, শরিফা ও আফসারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় স্কুলশিক্ষক আবদুল মালেক জানান, তাঁর নাতনি শরিফা বেগম হারানো ছাগল খুঁজতে সীমান্তের কাছে গিয়েছিলেন। শরিফা তাঁকে জানিয়েছেন, ধানখেতে একটি বাঘ ছাগলটিকে খাচ্ছিল। এরপর শরিফা চিৎকার দিলে বাঘটি তাঁর ওপর হামলা করে। চিৎকার শুনে আশপাশের যাঁরা ছুটে আসেন, তাঁরাও আক্রমণের শিকার হন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক বুলবুল আহমেদ জানান, রাত আটটার দিকে দুজন রোগী হাসপাতালে এসেছেন। নারী রোগীর অবস্থা তুলনামূলক খারাপ; তাঁর মাথায় ও হাতে ক্ষত রয়েছে। পুরুষ রোগীর শরীরের পেছনের অংশে আঘাত আছে। প্রাণীর কামড়ের কারণে সংক্রমণের আশঙ্কা আছে কি না জানতে চাইলে চিকিৎসক বলেন, আশঙ্কা অবশ্যই আছে; তবে প্রটোকল অনুযায়ী সব চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজিবি সন্ধ্যায় সংবাদকর্মীদের এক বার্তায় জানায়, বিকেল চারটার দিকে বনচৌকি সীমান্তচৌকির আওতাধীন আমঝোলে ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ বাংলাদেশে ঢুকে তিনজন সাধারণ মানুষকে আহত করেছে। জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনাস্থলে ১৫ বিজিবির অধিনায়ক ও বিজিবির টহল দল উপস্থিত আছে।

ঘটনার পর গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ফসলের খেতে তল্লাশি চালিয়েছেন বলে জানা গেছে।