সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গভীর নিম্নচাপে রূপ নিয়েছে সাগরের নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড় ‘আকভান’ হওয়ার শঙ্কা; গতিপথ ভারতের অন্ধ্র উপকূলের দিকে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আজ সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে; চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত বহাল আছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আজ সোমবারই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর আগে গত রোববার সকালে এটি নিম্নচাপ হিসেবে চিহ্নিত হয়েছিল।

সোমবার দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, গত মধ্যরাতে গভীর নিম্নচাপটির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩৬৫ কিলোমিটার এবং পায়রা থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, দমকা হাওয়ায় তা ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছে। কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ব্যবস্থাটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আজ ঘূর্ণিঝড় এবং আগামীকাল মঙ্গলবার প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর এটি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। রোববারের এক পূর্বাভাসে একাধিক মডেলের বরাতে বলা হয়েছিল, বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে, তবে সোমবার তা হওয়ার সম্ভাবনা বেশি। পূর্বাভাস অনুযায়ী, আগামী অন্তত দুই থেকে তিন দিন বাংলাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকবে।

ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’। নামটি প্রস্তাব করেছে ইরান। এটি একটি ফারসি শব্দ, যা দশম শতাব্দীর কবি ফেরদৌসীর মহাকাব্য ‘শাহনামা’র এক মায়াবী দৈত্যের নাম। ২০০০ সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে বিশ্ব আবহাওয়া সংস্থার প্যানেলভুক্ত ১৩টি দেশ, যার মধ্যে বাংলাদেশও আছে।