সার্বিয়া, রাশিয়া ও মলদোভাসহ মোট ১২টি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন নিয়ম চালু হওয়ার পর রিক্রুটিং এজেন্সির মালিকেরা মন্ত্রণালয়ে হয়রানির অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, নিয়োগানুমতি পেতে সময়মতো সাড়া মিলছে না, ফলে ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সম্প্রতি বৈধ রিক্রুটিং এজেন্সির মালিকদের চিঠি দিয়ে জানিয়েছে, ওই ১২টি দেশে কর্মীদের নামে চূড়ান্ত বহির্গমন ছাড়পত্র নেওয়ার আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়োগানুমতি নিতে হবে। অনুমতি না পাওয়া পর্যন্ত ওই কর্মীর নামে ছাড়পত্র মিলবে না।
সার্বিয়ার শ্রমবাজার ঘিরে দীর্ঘদিন ধরে জালিয়াত চক্র সক্রিয় ছিল বলে জানা গেছে। এর ফলে শত শত সার্বিয়াগামী যাত্রী ঢাকায় এসে সর্বস্বান্ত হয়েছেন। ইতালিতে বাংলাদেশ দূতাবাস ভুয়া কোম্পানি ও ভুয়া ভিসার অস্তিত্ব খুঁজে পাওয়ার পরই মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই নিয়ম চালু করেন।
এজেন্সি মালিকদের একাংশ বলছেন, তাঁরা নিয়োগকারী দেশের সব নিয়ম মেনে ভিসা প্রক্রিয়া করছেন, তবু মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখা থেকে যথাসময়ে অনুমোদন পাচ্ছেন না। মলদোভায় কর্মী পাঠানোর একটি এজেন্সির দুই প্রতিনিধি জানান, রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়ন করে আনার পরও মন্ত্রণালয়ে ১৪ দিন ধরে ঘুরছেন। কোনো কোনো দেশের ভিসার মেয়াদ ৯০ দিন হওয়ায় এই সময়ক্ষেপণে তাঁরা বিপাকে পড়েছেন।
বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরামের সভাপতি মো. নুরুল ইসলাম উজ্জ্বল বলেন, দূতাবাস থেকে সত্যায়নের পর আবার মন্ত্রণালয়ে যাচাইয়ের প্রয়োজন নেই বলে তিনি মনে করেন। তাঁর ভাষ্য, দূতাবাসের পররাষ্ট্র শাখা কোম্পানি, কর্মস্থল ও ভিসা যাচাই করার পর বিষয়টি বিএমইটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ছাড়পত্রের প্রক্রিয়ায় ঢুকে যাওয়া উচিত। তিনি জানান, কিছুদিন আগে সার্বিয়ার অভিবাসন কর্তৃপক্ষ ঢাকা থেকে যাওয়া একটি ফ্লাইটের বৈধ কর্মীদের ভিসার মেয়াদ এক মাসের কম থাকায় তাঁদের বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়েছে।
এদিকে মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সার্বিয়া নিয়ে সমস্যা দেখা দেওয়ার পরই নিয়োগানুমতি বাধ্যতামূলক করা হয়েছে। তাঁর দাবি, রোমের বাংলাদেশ দূতাবাস সরেজমিনে কোম্পানি পরিদর্শন করে রাষ্ট্রদূত ও কাউন্সেলরের যৌথ স্বাক্ষরে প্রতিবেদন দিলে মন্ত্রণালয় ছাড়পত্র দেয়, তাই ভুয়া ভিসার সুযোগ আর নেই। প্রবাসীকল্যাণমন্ত্রী ও সচিবের বক্তব্য পাওয়া যায়নি।