বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পাবনায় রাস্তার পাশের প্রতিটি বাড়িতে সিসি ক্যামেরা বসানোর অনুরোধ রাজশাহী রেঞ্জের ডিআইজির

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ডিআইজি মীর আশরাফ আলী বলেন, ক্যামেরা থাকলে অপরাধী শনাক্ত ও তদন্তে বড় সহায়তা মেলে।

পাবনার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। বুধবার (১৮ নভেম্বর) পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিআইজি অপরাধ দমন ও অপরাধীদের শনাক্ত করতে নাগরিকদের সহযোগিতা চান। বিশেষ করে রাস্তার পাশে থাকা প্রতিটি বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য তিনি বাড়ির মালিকদের অনুরোধ জানান। তাঁর মতে, সড়ক ও আশপাশের এলাকায় সিসি ক্যামেরা থাকলে অপরাধ সংঘটনের পর অপরাধীদের শনাক্ত করা সহজ হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তকাজে গুরুত্বপূর্ণ সহায়তা পাওয়া যায়।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকেরা জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধপ্রবণতা ও জনদুর্ভোগের নানা বিষয় তুলে ধরেন। ডিআইজি তাঁদের বক্তব্য শোনেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।