সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া)’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। আগ্রহী প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন, দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। এ ছাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে।
আবেদন করা যাবে বোয়েসেলের নির্ধারিত অনলাইন নিবন্ধন পোর্টালে, ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। প্রথমে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। এরপর কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগকারী প্রতিষ্ঠান চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে।
বোয়েসেল জানিয়েছে, নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীকে কোনো অর্থ খরচ করতে হবে না। তাই সংশ্লিষ্ট সবাইকে যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।