শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো হলো সঠিক নিয়ম

রাজশাহীর বাঘায় র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর মধ্য দিয়ে বৃহস্পতিবার বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

রাজশাহীর বাঘায় র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনীর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচির শুরুতে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে আলোচনা সভা হয় এবং শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুল মমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্টসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়া শুধু দৈনন্দিন অভ্যাস নয়; এটি রোগ প্রতিরোধের অন্যতম সহজ ও কার্যকর উপায়। বিশেষ করে ডায়রিয়া, কলেরাসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া জরুরি।

বক্তারা শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। এ বিষয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তাঁরা।