রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

নভেম্বর শেষেও তাপমাত্রা কমেনি, ৩ ডিসেম্বরের পর শৈত্যপ্রবাহের সম্ভাবনা; এবার শীত কম পড়ার পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত তাপমাত্রার বড় পরিবর্তন হবে না; মঙ্গলবার থেকে কমতে শুরু করতে পারে।

নভেম্বর শেষ হতে চললেও দেশে এখনো তাপমাত্রা তেমন কমেনি। ব্যতিক্রম কেবল সর্ব-উত্তরের রংপুর বিভাগের কিছু জেলা, যেখানে কয়েকটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এ ছাড়া দেশের অন্যত্র সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপরে রয়েছে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ ডিগ্রি সেলসিয়াস। এই উপজেলায় কয়েক দিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হচ্ছে। একই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে, ৩৩ দশমিক ৭ ডিগ্রি। রাজধানীতে দুই দিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রিতে নেমেছিল; শনিবার তা বেড়ে হয় ২০ দশমিক ২ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির ওপরে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, সোমবার পর্যন্ত তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে মঙ্গলবার থেকে তা কমতে শুরু করতে পারে। ডিসেম্বরের ৩ তারিখের পর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এ বছর শীত কম পড়তে পারে বলে বিশ্ব আবহাওয়া সংস্থা থেকে শুরু করে নানা প্রতিষ্ঠান আগেই পূর্বাভাস দিয়েছিল। এর কারণ হিসেবে প্রশান্ত মহাসাগরীয় বায়ুপ্রবাহ এল নিনোর সক্রিয়তার কথা বলা হয়েছে। বিশ্বের অনেক দেশেই এবার নভেম্বরে স্বাভাবিক শীত পড়েনি।