শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মসলার আড়ালে হংকং থেকে ৩০ কেজি শিশা আমদানি: দুই মাসের নজরদারির পর ঢাকায় আমদানিকারকসহ তিনজন গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় বংশালের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে শিশা জব্দ ও তিনজনকে গ্রেপ্তার করেছে।

মসলার আড়ালে হংকং থেকে অবৈধভাবে আমদানি করা ৩০ কেজি শিশা উদ্ধার করে আমদানিকারকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। দীর্ঘ দুই মাস নজরদারির পর অভিযান চালানো হয় বলে জানিয়েছে সংস্থাটি। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মেহেদি হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিক্রেতা সোলায়মান আহমেদ শুভ (৩১), আমদানিকারক মেহেদী হাসান (৪৬) এবং শাকিল আহমেদ। বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাতে ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে রাজধানীর বংশাল থানার নর্থ সাউথ রোডের একটি ভবনে ‘এএস সুন্নাহ’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে থাকা সোলায়মান আহমেদকে আটক করা হয় এবং তাঁর দেখানো জায়গা থেকে তিনটি কার্টনে থাকা আল-ফখর ব্র্যান্ডের ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানা এলাকার ‘সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজ’-এর মালিক শাকিল আহমেদের মাধ্যমে তিনি শিশা সংগ্রহ করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয় এবং শিশা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র জব্দ করা হয়। শাকিলের তথ্যের ভিত্তিতে উত্তরা সেক্টর-১১ এলাকার ‘ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং’-এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

অধিদপ্তরের ভাষ্য, জিজ্ঞাসাবাদে জানা গেছে, মেহেদী তাঁর এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশা আমদানি করে শাকিলের কাছে সরবরাহ করতেন, আর শাকিলের মাধ্যমে তা সোলায়মানের কাছে পৌঁছাত। গ্রেপ্তারদের মোবাইল ফোন ও তথ্য পর্যালোচনায় সালমান নিবিড় (২৬) নামে আরও একজনের সঙ্গে শিশা কেনাবেচা ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বংশাল থানায় নিয়মিত মামলা হয়েছে। চক্রের পলাতক সদস্য ও সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম চলছে। অধিদপ্তর জানিয়েছে, মাদকের অবৈধ সরবরাহ ও বিপণন বন্ধে গোয়েন্দা নজরদারি, সাইবার পেট্রোলিং ও অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্তরা এখনো দোষী সাব্যস্ত হননি।