সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

কপ৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বৈঠক হতে পারে এরদোয়ানের সঙ্গে

সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক নিশ্চিত বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব।

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ থেকে ১২ নভেম্বর তিনি দেশটিতে সরকারি সফরে থাকবেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এ তথ্য জানান।

পররাষ্ট্রসচিব বলেন, সফরকালে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিশ্চিত করা হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার বিষয় প্রসঙ্গে পররাষ্ট্রসচিব বলেন, বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে কথা হবে। সামরিক ও অর্থনৈতিক অঞ্চলে নির্দিষ্ট বিনিয়োগ বা ড্রোন কারখানা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা সামরিক সহযোগিতার অংশ। এ বিষয়ে বিস্তারিত পরবর্তী সময়ে জানানো যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তুর্কি কোম্পানির সঙ্গে বিমান চলাচল ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে সহযোগিতা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, এটি দ্বিপক্ষীয় সফর নয়। এটি একটি সৌজন্য সাক্ষাৎ এবং সাধারণ ও মৌলিক বিষয়ে আলোচনার সুযোগ।

জলবায়ু পরিবর্তনের ক্ষতির জন্য উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রসচিব বলেন, উন্নত দেশগুলো আগেও বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। এই সহযোগিতার জন্য যৌথ প্রচেষ্টা ও ক্ষতিপূরণের বিষয়ে বাংলাদেশ জোরালোভাবে নিজের বক্তব্য তুলে ধরবে।

তুরস্কের আনতালিয়ায় সোমবার কপ৩১ সম্মেলন শুরু হয়েছে।