দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করতে দেশটির জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টি বিবেচনা করবে সরকার। বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ কথা জানিয়েছেন।
মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এ আশ্বাস দেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন খাতের উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
হাইকমিশনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দক্ষিণ আফ্রিকায় ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি পর্যটন খাতে পারস্পরিক সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। পর্যটনবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়েও আগ্রহ জানান তিনি।
মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করছেন; তাঁদের যাতায়াতের সুবিধা বিবেচনায় জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার বিবেচনা করবে। বৈঠকে প্রবাসীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরির কথাও আলোচনায় আসে।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দক্ষিণ আফ্রিকার হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।