শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মিরসরাইয়ে মহাসড়কে হাইওয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ছয় পুলিশ সদস্য

শুক্রবার ভোরে বারইয়ারহাটে পেছন থেকে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস ধাক্কা দেয়; চালক পলাতক।

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে মহাসড়কে টহলরত পুলিশের একটি ভ্যানে পেছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার ভোর পাঁচটার দিকে বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা সবাই জোরারগঞ্জ হাইওয়ে থানার। তাঁদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ভোরে হাইওয়ে পুলিশের একটি দল ভ্যানে করে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় হঠাৎ পেছন থেকে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়টি আরও তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।