শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

হাওরের শুঁটকি এখন সম্ভাবনাময় শিল্প, শুধু মোহনগঞ্জেই বছরে উৎপাদন ২৩৫ টন

নেত্রকোনার সাত উপজেলায় প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ শুঁটকির ব্যবসায় জড়িত; হিমাগারের অভাবে মান ধরে রাখা কঠিন হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

নেত্রকোনার হাওরাঞ্চলে দিন দিন বিস্তৃত হচ্ছে শুঁটকি মাছের ব্যবসা। এক সময় পারিবারিক উদ্যোগে সীমিত পরিসরে শুঁটকি তৈরি হলেও এখন তা সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে। জেলার সাতটি উপজেলার ৪০ থেকে ৫০টি গ্রামের প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ পেশার সঙ্গে জড়িত। উৎপাদন, বিপণন ও পরিবহনকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান।

মোহনগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, নেত্রকোনা জেলায় বছরে ৪৬১ দশমিক ৮৭ মেট্রিক টন শুঁটকি উৎপাদিত হয়। এর মধ্যে শুধু মোহনগঞ্জ উপজেলাতেই হয় ২৩৫ দশমিক ৩ মেট্রিক টন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরীসহ হাওরপ্রধান সাত উপজেলায় গড়ে উঠেছে দুই শতাধিক শুঁটকির আড়ত।

এ অঞ্চলে বোয়াল, শোল, টেংরা, চিংড়ি ও গজারসহ নানা প্রজাতির মাছ দিয়ে শুঁটকি তৈরি হয়। তবে বিশেষ প্রক্রিয়ায় মাটির হাঁড়িতে সংরক্ষণ করা চ্যাপা শুঁটকির চাহিদা সবচেয়ে বেশি। প্রতি বুধবার মোহনগঞ্জ পৌর শহরের গরুহাটায় বসে শুঁটকির বড় সাপ্তাহিক হাট। ভোর থেকেই শুরু হয় কেনাবেচা। ঢাকা, ময়মনসিংহ ও সিলেটসহ দেশের ২০ থেকে ২৫টি জেলা থেকে পাইকারেরা এসে শুঁটকি কিনে নিয়ে যান। চাহিদা অনুযায়ী দেশের বাইরেও যায় এ অঞ্চলের শুঁটকি।

স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম রাজন জানান, ধরনভেদে প্রতি কেজি শুঁটকি ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়। তবে এ খাতে নানা প্রতিবন্ধকতাও আছে। বিশেষ করে স্থায়ী হিমাগার ও আধুনিক সংরক্ষণব্যবস্থা না থাকায় মান ধরে রাখা কঠিন, এতে অনেক ব্যবসায়ী আর্থিক ঝুঁকিতে পড়েন। ব্যবসায়ী সুবল সরকার বলেন, আধুনিক হিমাগার না থাকায় ব্যবসা সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে; এ খাতের উন্নয়নে সরকারি সহযোগিতা প্রয়োজন।

মোহনগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান জানান, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শুঁটকি উৎপাদনে জেলেদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, পাশাপাশি বাজার তদারকিও চলছে। সংশ্লিষ্টদের মতে, আধুনিক প্রযুক্তি, স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াজাতকরণ, স্থায়ী সংরক্ষণাগার ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা হলে হাওরের শুঁটকি শিল্প দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে।