ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে সাভার ও আশুলিয়ায় আরও সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলোর ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে আশুলিয়ার জিরাবোতে আরুনিমা গ্রুপের তিনটি কারখানা—আরুনিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড ও ডিএমসি ওয়াশ লিমিটেড—বন্ধ হয়েছে। একই দিন সাভারের হেমায়েতপুরের পদ্মা মোড় এলাকায় জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডও একই ধারায় বন্ধ ঘোষণা করেছে। এর আগে, ১০ নভেম্বর থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুরে নিউএজ গ্রুপের তিনটি কারখানা বন্ধ রয়েছে। এগুলো হলো নিউএজ গার্মেন্টস লিমিটেড, নিউএজ অ্যাপারেলস লিমিটেড ও কিলক নিউএজ বাংলাদেশ লিমিটেড।
শ্রম আইনের এই ধারা অনুযায়ী কোনো বিভাগ বা শাখায় অবৈধ ধর্মঘট হলে মালিকপক্ষ প্রতিষ্ঠানের পুরোটা বা আংশিক বন্ধ করে দিতে পারে। বন্ধ থাকাকালীন সময়ের মজুরি পাওয়ার অধিকার ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের থাকে না।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু আশঙ্কা প্রকাশ করে বলেন, ১৩(১) ধারা প্রয়োগ শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরও উসকে দিতে পারে। তাঁর ভাষ্য, কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা কোনো মজুরি পান না।
আশুলিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বলেন, পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।
এর আগে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে সাভার, আশুলিয়া ও গাজীপুরে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার সকালে গাজীপুরের মৌচাকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়।