রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

২৮ অক্টোবরের ঘটনার বিচার চেয়ে ২৭ ও ২৮ অক্টোবর দুই দিনের কর্মসূচি জামায়াতের

রোববার দেওয়া বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ২০০৬ সালের ওই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সংঘটিত লগি-বৈঠার ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, ওই দিনের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। তাঁর দাবি, সেদিনের হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়ে দেশে দীর্ঘদিনের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের পরিস্থিতি তৈরি হয়েছিল। ঘটনার দুই দশক পূর্ণ হতে যাচ্ছে, অথচ এখনো জড়িতদের বিচার হয়নি বলে উল্লেখ করে তিনি তাঁদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতি অনুযায়ী, কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে নেওয়া কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এ ছাড়া ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে।

ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে দলের সব শাখাকে আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কর্মসূচি সফল করতে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।