প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার। এবারও জন্মদিন উপলক্ষে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। উৎসব-আনুষ্ঠানিকতার বদলে নেতাকর্মীদের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো কিংবা আলোচনা সভাসহ কোনো ধরনের উৎসব আয়োজন না করতে ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব আয়োজনে ব্যয় না করে সেই অর্থ অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দান করার আহ্বান জানানো হয়েছে।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান। ঢাকার বিএফ শাহীন স্কুলে তাঁর শিক্ষাজীবন শুরু হয়, পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য হয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন তিনি। ১৯৯৩ সালে বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হন।
২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। বিএনপির অভিযোগ, তিনি নির্যাতনের শিকার হয়েছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এরপর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি এবং দীর্ঘ সময় সেখান থেকেই দলের নেতৃত্ব দেন। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই সংসদ সদস্য নির্বাচিত হন তারেক রহমান। ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবও তিনি উপস্থাপন করেছিলেন, যাতে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইনসভার সংস্কার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরা হয়।