রাজশাহীর বাগমারা উপজেলার আসন্ন ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগমারা উপজেলা শাখা। দলীয় সিদ্ধান্তে প্রার্থী হয়েছেন ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ড. মোহাম্মদ ওয়ারেছ আলী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা জামায়াতের আমির বাবুল হুসাইন। উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার লক্ষ্যেই একক প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মনোনীত প্রার্থীর পক্ষে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মনোনয়ন পাওয়ার পর ওয়ারেছ আলী দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদারসহ দায়িত্বশীলদের বিশেষভাবে ধন্যবাদ দেন তিনি। তিনি বলেন, দল তাঁর ওপর যে আস্থা রেখেছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন। দলীয় ঐক্য ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করতে চান বলেও জানান তিনি।