বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা: একমাত্র আসামি লিমনের মৃত্যুদণ্ড

নগরীর ডাবতলায় ভাড়া বাসায় ঢুকে ১৬ বছর বয়সী কিশোরকে ছুরিকাঘাতে হত্যার মামলায় এক বছরের মাথায় রায় দিয়েছে আদালত।

রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় ঢুকে এক বিচারকের ১৬ বছর বয়সী ছেলেকে ছুরিকাঘাতে হত্যার মামলায় একমাত্র আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. রেজাউল করিম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ের সময় কারাগার থেকে এনে আসামিকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়ার (৩৫) বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামে। মামলার বিবরণ অনুযায়ী, তিনি উচ্চমাধ্যমিক পাসের পর সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং ২০১৮ সালে চাকরি ছেড়ে বাড়ি ফিরে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হন।

মামলার বিবরণ

মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিচারকের স্ত্রীর সঙ্গে লিমনের আগে থেকেই পরিচয় ছিল। একই জেলার বাসিন্দা হওয়ায় তাঁদের মধ্যে যোগাযোগ ছিল এবং লিমন বিভিন্ন সময় ওই নারীর কাছ থেকে আর্থিক সহায়তা নিতেন। একপর্যায়ে সহায়তা বন্ধ হয়ে গেলে তিনি পরিবারটির সদস্যদের হত্যার হুমকি দেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। গত বছরের ৬ নভেম্বর এ নিয়ে সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।

গত বছরের ১৩ নভেম্বর বিকেলে লিমন বিচারকের ভাই পরিচয় দিয়ে ডাবতলার ভাড়া বাসায় ঢোকেন। সেখানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা ও ছেলেকে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিশোরকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তে অতিরিক্ত রক্তক্ষরণকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেন চিকিৎসকেরা। ঘটনার পর হাসপাতালেই লিমনকে আটক করে পুলিশ। পরদিন ১৪ নভেম্বর বিচারক রাজপাড়া থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দেয়। এতে ৩২ জনকে সাক্ষী করা হয়েছিল।

রায়ের পর প্রতিক্রিয়া

রায়ে সন্তোষ প্রকাশ করে রাজশাহী মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডের মামলায় আসামির উপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়ার মাধ্যমে রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।’

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ বাবু বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট নই। আসামির ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’