বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক মানের ক্যান্সার ইনস্টিটিউট গড়তে চায় বিএমইউ, আইএইএ-ডব্লিউএইচও-আইএআরসি মিশনের সভায় জানালেন ভিসি

ক্যান্সার প্রতিরোধ, শনাক্তকরণ, চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সক্ষমতা মূল্যায়নে মিশন ২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বৈঠক হয়েছে।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। দেশে ক্যান্সার প্রতিরোধ, স্ক্রিনিং, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সক্ষমতা মূল্যায়নে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থার (আইএআরসি) যৌথ ইমপ্যাক্ট রিভিউ মিশন ২০২৬ উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার চিকিৎসা, শিক্ষা ও গবেষণার বর্তমান সক্ষমতা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার ওপর উপস্থাপনা দেন। আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন আইএইএর জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা ইগোর ভেলজকোভিচ। যুক্তরাষ্ট্রের দুজন বিশেষজ্ঞ অনলাইনে যুক্ত হন।

উপাচার্য বলেন, বাংলাদেশে ক্যান্সার একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা। এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিরোধ, স্ক্রিনিং, প্রাথমিক রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা, প্রশমনসেবা, শিক্ষা ও গবেষণাকে সমন্বিত করে একটি কার্যকর ও টেকসই ব্যবস্থা গড়ে তোলা দরকার। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, গাইনোকোলজিক্যাল অনকোলজি, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি ও প্যালিয়েটিভ মেডিসিন—এই পাঁচটি মূল ক্যান্সার-সংশ্লিষ্ট বিভাগ আছে।

বিদ্যমান বিভাগ ও সেবাগুলোকে সমন্বিত করে একটি স্টেট-অব-দ্য-আর্ট কমপ্রিহেনসিভ ক্যান্সার ইনস্টিটিউট গড়ার লক্ষ্যের কথা তুলে ধরেন উপাচার্য। তাঁর ভাষ্য, প্রস্তাবিত ইনস্টিটিউটে প্রতিরোধ, স্ক্রিনিং, প্রাথমিক রোগ নির্ণয়, রেডিওথেরাপি, সার্জারি, সিস্টেমিক থেরাপি, প্রশমনসেবা, উচ্চতর চিকিৎসাশিক্ষা ও গবেষণা একসঙ্গে থাকবে। এতে রোগীদের জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও প্রমাণভিত্তিক সেবা বাড়বে বলে তিনি আশা করেন।

ছয়টি কৌশলগত অগ্রাধিকারের কথাও বলেন তিনি: বিদ্যমান সক্ষমতা মূল্যায়ন, অবকাঠামো ও দক্ষ জনবলের ঘাটতি চিহ্নিতকরণ, সমন্বিত ক্যান্সার চিকিৎসা শক্তিশালী করা, শিক্ষা ও গবেষণা এবং জাতীয় চিকিৎসা নির্দেশিকা তৈরি, দেশি-বিদেশি সহযোগিতা বাড়ানো এবং জাতীয় পর্যায়ে ক্যান্সার চিকিৎসা ও নীতিনির্ধারণে নেতৃত্ব দেওয়া। এ ছাড়া ক্যান্সার রেজিস্ট্রি, জাতীয় চিকিৎসা নির্দেশিকা, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষ জনবল তৈরির প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।