বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মাতারবাড়ী প্রকল্পের ক্ষতিপূরণের ১৯ কোটি টাকা আত্মসাৎ মামলায় কক্সবাজারের সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে

চট্টগ্রামের বিশেষ জজ আদালত জামিন বাতিল করে পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছেন; সাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন।

মামলায় যুক্তিতর্ক শুনানির সময় পাঁচ আসামির জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। একই সঙ্গে মামলার আসামি কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জাফর আলম ছাড়া কারাগারে যাওয়া অপর চার আসামি হলেন আনোয়ারুল ইসলাম, আবুল কাশেম মজুমদার, বশির আহম্মদ ও নুর মোহাম্মদ। আদালত মামলার রায় ঘোষণার জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরস্পরের যোগসাজশে অস্তিত্বহীন চিংড়িঘেরের ক্ষতিপূরণের নামে ভুয়া চেকের মাধ্যমে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রুহুল আমিন কক্সবাজারের জেলা প্রশাসক ছিলেন। ওই সময় মাতারবাড়ী কয়লাবিদ্যুৎকেন্দ্রের জন্য মহেশখালী উপজেলায় ১ হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়। ২০১৪ সালের নভেম্বরে ক্ষতিপূরণের পরিমাণ ধরা হয় ২৩৭ কোটি টাকা। অভিযোগ অনুযায়ী, ২৫টি ‘অস্তিত্বহীন’ চিংড়িঘেরের তথ্য দেখিয়ে প্রায় ৪৬ কোটি ২৪ লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। এর মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নামে ভুয়া চেকের মাধ্যমে তুলে নেওয়া হয়। বাকি প্রায় ২৬ কোটি ৩২ লাখ টাকা তোলার জন্য পাঁচটি চেকও ইস্যু করা হয়েছিল।

২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী তৎকালীন জেলা প্রশাসক রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ করেন। আদালতের আদেশে দুদক বিষয়টি তদন্ত করে ২০১৭ সালের ৩ এপ্রিল রুহুল আমিনসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এরপর জেলা প্রশাসকসহ কয়েকজন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেও পরে জামিনে মুক্তি পান। ২০১৯ সালের ১৬ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।