দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের নেতারা অভিবাসী শ্রমিকদের ‘ন্যায্য ও নৈতিক’ নিয়োগ নিশ্চিত করতে একটি ঘোষণা গ্রহণ করেছেন। রোববার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলনের প্রথম দিনে এ ঘোষণা গৃহীত হয়।
ফিলিপাইনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ঘোষণা আঞ্চলিক জবাবদিহি আরও জোরদার করবে এবং শ্রম অভিবাসনে উদীয়মান ঝুঁকি ও দুর্বলতাগুলো মোকাবিলার লক্ষ্য নিয়েছে। ঘোষণা গৃহীত হওয়ার কথা জানিয়ে ফিলিপাইনের অভিবাসী শ্রমিকবিষয়ক সচিব হান্স লিও ক্যাকডাক বলেন, নথিটি বিদ্যমান আঞ্চলিক শ্রম দলিলগুলোর পরিধি বাড়িয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থানরত আনুমানিক ছয় লাখ ফিলিপিনো বিদেশে কর্মরত শ্রমিক এবং আসিয়ানের অন্য অভিবাসী শ্রমিকদের সুরক্ষায় কাজ করবে।
ক্যাকডাকের ভাষ্য, ফিলিপাইনের সভাপতিত্ব ও প্রেসিডেন্টের নেতৃত্বে এসব আঞ্চলিক অঙ্গীকার কার্যকর নীতি ও কর্মসূচিতে রূপ দেওয়া অব্যাহত থাকবে, এ বিষয়ে বিদেশে কর্মরত ফিলিপিনোরা আস্থা রাখতে পারেন।
তিন দিনের এই শীর্ষ সম্মেলন ও এ-সংক্রান্ত বৈঠকগুলো ম্যানিলায় অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সম্মেলন শেষে আসিয়ানের সভাপতিত্ব ফিলিপাইন থেকে সিঙ্গাপুরের হাতে যাওয়ার কথা। সম্মেলন চলাকালে জোটটি চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পৃথক শীর্ষ বৈঠক করবে বলে সূচি রয়েছে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত আসিয়ানের ১১টি সদস্য দেশ হলো ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও তিমুর-লেস্তে।