বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ভারতের ওপর ২৫ ও ভিয়েতনামের ওপর ৩৫ শতাংশ

মার্কিন বাণিজ্য প্রতিনিধি ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারায় অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে ১৪ অর্থনীতির পণ্যে নতুন শুল্কের প্রস্তাব দিয়েছেন।

শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করে মার্কিন বাণিজ্যের ক্ষতি করার অভিযোগে বাংলাদেশের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। একই অভিযোগে ভারতের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্কের প্রস্তাবও এসেছে। এর আগে বাংলাদেশসহ ১৬টি বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে এ ধরনের তদন্তের ফল প্রকাশের প্রস্তুতির খবর এসেছিল; এবার নির্দিষ্ট হার প্রস্তাব করা হলো।

বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় নতুন শুল্কের এ প্রস্তাব দেন। প্রস্তাবের তালিকায় বাংলাদেশ, ভারত, চীন, ভিয়েতনাম, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড ও তাইওয়ানের পণ্য রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ, ভারতের পণ্যে ২৫ শতাংশ, চীন ও সিঙ্গাপুরের পণ্যে ২০ শতাংশ এবং বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক বসতে পারে। ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ১৫ শতাংশ এবং জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও তাইওয়ানের পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। চীনের ক্ষেত্রে অধিকাংশ পণ্যে ২০ শতাংশ ও নির্দিষ্ট কিছু পণ্যে ১০ শতাংশ শুল্কের প্রস্তাব রয়েছে, তবে প্রায় ৩০ বিলিয়ন ডলারের ভোক্তাপণ্য ছাড়ের আওতায় রাখার কথা বলা হয়েছে। কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিতে পৌঁছালে শুল্কের হার কমানোর সুযোগও রাখা হয়েছে।

বাণিজ্য প্রতিনিধি গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, কয়েক দশক ধরে অনেক বাণিজ্য অংশীদার উৎপাদন খাতকে লক্ষ্য করে শিল্প কৌশল নিয়েছে। তাঁর অভিযোগ, শ্রমিকের মজুরি ও শ্রম অধিকার সংকুচিত করা, বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা এবং বাজারব্যবস্থাকে বিকৃত করে এমন উপকরণ ব্যবহারের মতো নীতি যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তিকে দুর্বল করছে।

বর্তমানে বাংলাদেশের পণ্যে ২৫ শতাংশ মার্কিন শুল্ক রয়েছে বলে জানানো হয়েছে। নতুন শুল্ক যুক্ত হলে প্রতিযোগিতা সক্ষমতা ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সিপিডির মোস্তাফিজুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করলে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ঝুঁকিতে পড়তে পারে।