পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে বুখিনস্কি ইভগেনি নামে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত বুখিনস্কি ইভগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদার প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্গো’তে কাজ করতেন। ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, গ্রিন সিটিতে দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই রুশ নাগরিকের দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পাওয়ায় নিরাপত্তাকর্মীদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তখন বাথরুমে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ লাশ উদ্ধার করে।
মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। উদ্ধারের পর পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, তা-ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।