মৌরিতানিয়ার উপকূলে ২৬০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করলো কোস্ট গার্ড
রবিবার মৌরিতানিয়ার আটলান্টিক উপকূলে দুইটি নৌকা থেকে ২৬০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।
মৌরিতানীয় কোস্ট গার্ড রবিবার দেশের আটলান্টিক উপকূলে দুটি নৌকা থেকে ২৬০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করার ঘোষণা দিয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ১৭টি শিশুও রয়েছে।
জানা গেছে, এই অভিবাসনপ্রত্যাশীরা গাম্বিয়ার বানজুল থেকে যাত্রা শুরু করেছিলেন। দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে খাদ্য, জ্বালানি এবং দিকনির্দেশনার অভাবে তারা চরম আতঙ্কিত অবস্থায় ছিলেন।
প্রায় সাত দিন সমুদ্রে কাটানোর পর নৌকা দুটি রাজধানী নৌকশটের উপকূলের কাছাকাছি দেখা যায়। উদ্ধারকৃতদের মধ্যে ১৩২ জন সেনেগালের, ১২০ জন গাম্বিয়ার এবং ৪ জন গিনির নাগরিক ছিলেন। এছাড়াও পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের কয়েকজন এবং ৬১ জন নারীও ছিলেন।
হাজার হাজার তরুণ বছরের পর বছর ধরে বিপজ্জনক আটলান্টিক পথ ব্যবহার করে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের মাধ্যমে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছে। প্রায়শই তারা অতিরিক্ত যাত্রী বোঝাই ও জীর্ণ নৌকায় এই যাত্রা করে থাকে।
অনেক তরুণ দারিদ্র্য থেকে বাঁচতে এবং ইউরোপীয় দেশগুলো ভিসা প্রদান ও সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করার কারণে এই ধরনের বিপজ্জনক ও গোপন পথে যাত্রা করতে বাধ্য হয়।