রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী আবাসনের ঈদগাহ ও গোরস্থানের প্রায় দুই বিঘা জমি দখল করে ধান ও কলার চাষের অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এতে ঈদগাহের মাঠে শিশুদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। আবাসন কমিটির পক্ষ থেকে বারবার নিষেধ করা এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পরও জমি দখলমুক্ত হয়নি। বরং অভিযোগ করায় বাসিন্দারা হুমকি-ধমকির মুখে পড়ছেন বলে দাবি করেছেন তাঁরা।
বানেশ্বর-চারঘাট আঞ্চলিক মহাসড়কের পাশে প্রায় ৭০ বিঘা জমির ওপর গড়ে ওঠা হলিদাগাছী আবাসন-১, ২ ও ৩ প্রকল্পে ৫০৪টি পরিবার বাস করে। বাসিন্দারা নিজেদের উদ্যোগে সেখানে মসজিদ, ঈদগাহ ও গোরস্থান নির্মাণ করেছেন। ঈদগাহের মাঠে দুই ঈদের জামাতের পাশাপাশি সারা বছর শিশু-কিশোররা খেলাধুলা করত।
বাসিন্দাদের অভিযোগ, ঈদগাহের প্রায় ১৫ কাঠা জমিতে ধান চাষ করছেন তালতলা এলাকার আলমগীর হোসেন, পাশের প্রায় ১০ কাঠায় কলা চাষ করছেন রিদয় আলী এবং আরও প্রায় ১২ কাঠা জমি আবাদ করছেন তফসের আলী। স্থানীয়দের ভাষ্য, তিনজনের কেউই আবাসনের বাসিন্দা নন। বাসিন্দা জহির উদ্দিন বলেন, জায়গাটি ফাঁকা থাকায় শিশুরা সেখানে ফুটবল খেলত, এখন মাঠের সামান্য খালি অংশেও খেলতে দেওয়া হচ্ছে না। শিশুরা জানায়, চাঁদা তুলে কেনা একটি ফুটবল কলাবাগানে চলে গেলে চাষিরা সেটি কেটে ফেলেন; এরপর থেকে তারা আর মাঠে যেতে সাহস পায় না।
ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, বারবার নিষেধ করেও ফল মেলেনি এবং লিখিত অভিযোগের পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ অস্বীকার করে আলমগীর হোসেন বলেন, তিনি মন্টু নামে একজনের কাছ থেকে টাকার বিনিময়ে জমি লিজ নিয়ে চাষ করছেন এবং কাউকে হুমকি দেননি। রিদয় আলী ও তফসের আলী জানান, তাঁরা মমিন নামে একজনের কাছ থেকে জমি লিজ নিয়েছেন। তবে আবাসন কমিটির দাবি, মন্টু প্রায় ১৫ বছর এবং মমিন গত এক বছর ধরে সেখানে থাকেন না।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মুনজুর রহমান বলেন, আবাসন পরিদর্শনের সময় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে উপজেলা ভূমি অফিসে প্রতিবেদন পাঠানো হবে।