বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে অসুস্থ হয়ে চীনা কর্মীর মৃত্যু, অপমৃত্যুর মামলা

ভেন্টিলেশন কর্মী চেং শিয়াওজুনকে (৫৬) অচেতন অবস্থায় উদ্ধারের পর রংপুর মেডিক্যালে মৃত ঘোষণা করা হয়।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজের সময় চেং শিয়াওজুন (৫৬) নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি খনিতে ভেন্টিলেশন কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও কয়লাখনি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকাল সাতটার দিকে খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর ফেইসের সিলওয়াল থেকে প্রায় ৩০ মিটার দূরে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে উদ্ধারকারী দল। উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

খনির মহাব্যবস্থাপক জাফর সাদিক জানান, সোমবার রাত ১১টার নির্ধারিত শিফটে কাজ করতে ভূগর্ভে নামেন চেং শিয়াওজুন। দৈনন্দিন কাজের অংশ হিসেবে খনির মিডল স্টেশন-৩ এলাকায় ১৩০৫ নম্বর ফেইসের সিলওয়ালের পাশে কার্বন মনোক্সাইড ও উচ্চ হাইড্রোকার্বন গ্যাসের মাত্রা পরিমাপ করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। নির্ধারিত সময়ের মধ্যে ফিরে না আসায় বিষয়টি সারফেস কন্ট্রোল রুমকে জানানো হয়। পরে উদ্ধারকারী দল অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে।

কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সেলিম জানান, ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত শেষে বুধবার লাশ খনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার কথা রয়েছে।