গ্লোবাল মিডিয়া ফ্লোটিলা মূলত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে গঠিত, যা গাজার তথ্য ও সংবাদ অবরোধ ভাঙার উদ্দেশ্যে কাজ করছে। এতে অংশ নিয়েছেন বিশ্বের ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিরা। প্রধান একটি জাহাজ ও ১০টি ছোট নৌযান নিয়ে গঠিত এই বহরে প্রায় ৫০০ মানুষ ইতোমধ্যে বিভিন্ন ধাপে যুক্ত হয়েছেন।
শনিবার রাজধানীর পান্থপথের ডরিকপথ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শহিদুল আলম বলেন,
“যদি আমরা পরাজিত হই, তবে মানবতাই পরাজিত হবে। আমি হয়তো প্রথম বাংলাদেশি হিসেবে যাচ্ছি, কিন্তু আমি সঙ্গে নিয়ে যাচ্ছি বাংলাদেশের মানুষের ভালোবাসা।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞানী ও লেখক রাহনুমা আহমেদ, ডরিকের জেনারেল ম্যানেজার ও কিউরেটর এ এস এম রেজাউর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. কামাল হোসেন এবং সাংবাদিক-গবেষক ও ডরিক পরিচালক সাইদিয়া গুলরুখ।
সাইদিয়া গুলরুখ বলেন, গাজার দীর্ঘদিনের অবরোধ ভাঙা ও মানবিক সংকট মোকাবিলা এই ফ্লোটিলার প্রধান লক্ষ্য। রাহনুমা আহমেদ এটিকে বৈশ্বিক নাগরিক সমাজের প্রতিবাদের প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং বলেন, বাংলাদেশের অংশগ্রহণ আমাদের জন্য গর্বের বিষয়।
ডরিক কর্মকর্তারা জানিয়েছেন, শহিদুল আলম ও অন্যান্য গণমাধ্যমকর্মীরা এই অভিযাত্রায় গাজার পরিস্থিতি নথিভুক্ত করবেন এবং স্বাধীন সংবাদ আন্তর্জাতিক মহলে পৌঁছে দেবেন। ইতোমধ্যে আগস্টে যাত্রা শুরু করা গ্লোবাল ‘সুমুদ’ বা ফ্রিডম ফ্লোটিলা দু’বার সমুদ্রপথে হামলার শিকার হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।