বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

হাইকোর্টের আদেশের পর বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাল ১ ফেব্রুয়ারিতে, আপিলের পথে ঢাকা বিশ্ববিদ্যালয়

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার আদেশের পর বুয়েট নতুন তারিখ ঠিক করেছে; ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশের বিরুদ্ধে আপিল করবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষাটি ১৬ জানুয়ারি হওয়ার কথা ছিল। এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়।

বুয়েটের উপাচার্য একরামুল হক জানান, একাডেমিক কাউন্সিলের সভা চলাকালেই তাঁরা হাইকোর্টের আদেশের কথা জানতে পারেন। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায়ও বিষয়টি আলোচিত হয়েছিল। এসব বিবেচনায় ভর্তি পরীক্ষা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। এতে এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ কোনো পরীক্ষার্থী যোগ্য হলে বুয়েটের ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। উপাচার্য আরও জানান, আবেদন ফরম বিতরণ শুরু হবে ২১ নভেম্বর এবং চলবে জানুয়ারির ৭ বা ৮ তারিখ পর্যন্ত।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর এবং শেষ হবে ১৫ ডিসেম্বর। ফল প্রকাশিত হবে ডিসেম্বরের শেষ নাগাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া অনুসরণ করে অন্য বিশ্ববিদ্যালয়গুলো সূচি ঠিক করেছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রতিটি বিভাগীয় শহরে হয়। তাই শেষ মুহূর্তে পরীক্ষা পেছালে মার্চের আগে নেওয়া সম্ভব হবে না, ফলে মেধাবী শিক্ষার্থীদের সেশনজটের আশঙ্কা আছে। তিনি আশা করেন, উচ্চ আদালত আদেশটি পুনর্বিবেচনা করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন নেওয়া শুরু হয়েছে ১১ নভেম্বর, শেষ দিন ২৫ নভেম্বর। পূর্ব ঘোষণা অনুযায়ী ৫ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর কথা ছিল।