বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরব আমিরাতের

২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই অস্থায়ী নিষেধাজ্ঞা

আরব আমিরাত ম্যাপ
ছবি: আরব আমিরাত ম্যাপ

বাংলাদেশসহ মোট নয়টি দেশের নাগরিকদের ওপর পর্যটন ও কর্ম ভিসায় অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে।

বাংলাদেশসহ নয়টি দেশের নাগরিকদের পর্যটন ও কর্ম ভিসার আবেদন গ্রহণ স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো হলো—আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতেও এই দেশগুলোর নাগরিকরা নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। তবে বর্তমানে কিছু দেশের জন্য আবেদন গ্রহণ করা হলেও ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হলে আর কোনো নাগরিকই ভিসার জন্য আবেদন করতে পারবেন না। এ নির্দেশনা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং মহামারি-সংক্রান্ত ঝুঁকিকে (যেমন কোভিড-১৯) এই সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করেনি আমিরাত সরকার।

এ নিষেধাজ্ঞা কার্যকর হলে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান ও পর্যটন ভ্রমণ প্রভাবিত হবে বলে ধারণা করা হচ্ছে।