৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের নারী এককে নতুন চ্যাম্পিয়ন হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার লিকা পোদ্দার। বৃহস্পতিবার রাজধানীর পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর উর্মি আক্তারকে তিন গেমের লড়াইয়ে হারিয়েছেন তিনি।
প্রথম গেম ২২-২০ ব্যবধানে জিতে এগিয়ে যান লিকা। দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়িয়ে ২১-১১ ব্যবধানে জিতে সমতা ফেরান উর্মি, ২০২২ ও ২০২৩ সালে যিনি নারী এককের শিরোপা জিতেছিলেন। নির্ণায়ক তৃতীয় গেমে স্নায়ুর চাপ সামলে ২১-১৮ পয়েন্টে জিতে ক্যারিয়ারের প্রথম সিনিয়র জাতীয় শিরোপা নিশ্চিত করেন লিকা।
বাগেরহাটের মোংলার মেয়ে ২৪ বছর বয়সী লিকার বাবা নদীতে মাছ ধরে সংসার চালান, সংসারে অভাব নিত্যসঙ্গী। শিরোপা জেতার পর মোংলায় থাকা মাকে ভিডিও কল করেন তিনি। কথা বলতে বলতে মা-মেয়ে দুজনেই আবেগে কেঁদে ফেলেন।
লিকা বলেন, ‘মা–বাবার কষ্টটা আমি বুঝি। তাই অনেক কষ্ট সহ্য করেও খেলাটা চালিয়ে যাচ্ছি। আমি জিতলে যদি তাঁরা খুশি হন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।’ প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হবেন, এটা ভাবেননি বলেও জানান তিনি। সামনে আরও পরিশ্রম করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে ভালো করতে চান এই শাটলার।
হারের পর উর্মি আক্তার বলেন, তিনি চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত লড়েছেন, তবে ম্যাচটা জিততে পারেননি; এটা তাঁর জন্য দুর্ভাগ্য। পুরুষ এককে অন্যদিকে ফাইনালিস্ট সিবগাত উল্লাহ চোটের কারণে খেলতে না পারায় ওয়াকওভার পেয়ে শিরোপা জিতেছেন রাজিন আহমেদ।