শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে পাইলট প্রকল্প শুরু করছে সিএমপি, লেজার স্পিড ক্যামেরায় নজরদারি

গবেষণা অনুযায়ী নগরীতে ৪৪ শতাংশের বেশি যানবাহন গতিসীমা অতিক্রম করে এবং এতে বছরে প্রায় ১০০ মানুষের প্রাণ যায়।

চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সাম্প্রতিক একটি গবেষণা অনুযায়ী, চট্টগ্রামে ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করে; এতে প্রতিবছর সড়কে প্রায় ১০০ প্রাণহানি ঘটে।

প্রাথমিকভাবে বিআরটিএ-অনুমোদিত গতিসীমা প্রয়োগে পাইলট প্রকল্প হিসেবে নগরীর বায়েজিদ লিংক রোড, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড এবং শাহ আমানত সেতু সংযোগ সড়কে এই কার্যক্রম চালানো হবে।

সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) আওতায় গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুলিশ কর্মকর্তাদের জন্য লেজার স্পিড ক্যামেরা পরিচালনাবিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। এ সময় সিএমপিকে সাতটি লেজার স্পিড ক্যামেরা হস্তান্তর করা হয়।

স্পিড ক্যামেরার পাশাপাশি চেকপয়েন্ট বসানোর জন্য পুলিশকে ১৬০টি ট্রাফিক কোন, ৫০টি এলইডি ট্রাফিক ব্যাটন, আটটি সড়ক নির্দেশক সাইনেজ, ৩২টি ইলেকট্রনিক ফ্লেয়ার, আটটি বহনযোগ্য জাডার বার (স্পিড ব্রেকার) এবং আটটি বহনযোগ্য ক্যানভাস তাঁবুও দিয়েছে জিআরএসপি।

সূত্র জানায়, কর্মশালায় ক্যামেরা পরিচালনার কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সড়কে ব্যবহারিক অনুশীলন ছিল। গত মঙ্গলবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণের প্রথম দুই দিন স্পিড ক্যামেরা পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজার পল সিমক্স ও পিটার জোন্স কর্মশালা পরিচালনা করেন।

শেষ দিন বৃহস্পতিবার সড়ক নিরাপত্তায় বিশ্বস্বীকৃত ‘সেফ সিস্টেম’ পদ্ধতিতে পুলিশের ভূমিকা এবং সড়ক দুর্ঘটনায় গতির প্রভাব নিয়ে আলোচনা হয়। বিকেলে অংশগ্রহণকারীদের সাতটি দলে ভাগ করে বায়েজিদ লিংক রোডে আলাদা আলাদা চেকপয়েন্ট বসিয়ে স্পিড ক্যামেরা ব্যবহারের অনুশীলন করানো হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিএমপি কমিশনার অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।