সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নামে মামলা

নিহতের স্ত্রী শনিবার দিবাগত রাতে ভাঙ্গা থানায় মামলা করেন; অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৪০) হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মামলায় মোট ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে শনিবার দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানায় মামলাটি করেন। ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন মামলার ১ নম্বর আসামি। বাকি ৯৫ জন তাঁর অনুসারী বলে এজাহারে উল্লেখ আছে।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় রাজু মোল্লা গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পাঁচ দিন পর এ মামলা হলো।

এজাহারে বাদী অভিযোগ করেন, নিক্সনের নির্দেশনা ও অর্থায়নে অন্য আসামিরা হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন। তাঁরা মশাল জ্বালিয়ে সড়কে ইটের খোয়া, পাথরের টুকরা ও বাঁশের লাঠি রাখেন। এ সময় তাঁদের হাতে সড়কি, রামদা, চাপাতি ও ককটেলসহ দেশি অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, রাত পৌনে আটটার দিকে আসামিরা রাজু মোল্লাকে মোটরসাইকেলসহ আটকান। ২ নম্বর আসামি পৌরসভার হাজরাহাটি এলাকার শাহাদাৎ খয়রাতি (৪১) ধারালো সড়কি দিয়ে রাজুর কোমরের ডান পাশে আঘাত করেন বলে অভিযোগ। এতে তাঁর শরীরে গুরুতর জখম হয়।

এ ছাড়া ৩ নম্বর আসামি আল আমিন (৪৫), ৪ নম্বর আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভাঙ্গা পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান (৪২), ৬ নম্বর আসামি নিষিদ্ধ ছাত্রলীগের ভাঙ্গা উপজেলা কমিটির আহ্বায়ক আশিকুজ্জামান (৩৬), ১৫ নম্বর আসামি বালা মিয়া (৪৬), ১৮ নম্বর আসামি কামাল (৪৫) ও ২১ নম্বর আসামি বেলায়েত মুন্সী (৩৮) রাজুকে মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তাঁকে সড়কে টেনেহিঁচড়ে নেওয়া হয়। এতে তাঁর পেটের ডান পাশ থেকে ডান পায়ের হাঁটু পর্যন্ত চামড়া ছিলে যায় এবং শরীর রক্তাক্ত হয় বলে অভিযোগ করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার দিন থানা-পুলিশ যে ২৬ জনকে আটক করেছিল, তাঁদের এ মামলায় আসামি করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, মাত্র মামলার এজাহারের কপি পেয়েছেন। যাচাই-বাছাই করে পরে এ বিষয়ে জানাতে পারবেন।

এজাহারের অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি; অভিযুক্তদের বক্তব্য এ প্রতিবেদন লেখার সময় পাওয়া যায়নি।